নতুন মজুরি মেনে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের পর স্বস্তি ফিরেছে গাজীপুরের শিল্পাঞ্চলে। নতুন মজুরি মেনে নিয়ে শনিবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এ সময় শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রতিদিন অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সাথে কাজ করব।’

পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতেন, তা দিয়ে মাসের খরচ চালানো কঠিন হতো। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হতো। তবে নতুন মজুরিতে তাঁরা সন্তুষ্ট।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, ‘শ্রমিকেরা আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন। তাঁরা আনন্দের সাথে কারখানায় যোগ দিচ্ছেন। এখন অনেক স্বস্তি দেখা যাচ্ছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকেরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকেরা ভালো থাকব। দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।’

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে, শ্রমিকেরা আর আন্দোলনে যাবেন না এবং কাজে মনোযোগী হবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।