হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পেল রাশিয়ার নৌবাহিনী

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন এটি।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পুতিন বলেন, শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বিশ্বব্যাপী পাল্লার গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির সক্ষমতা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে। রাশিয়া সেই দেশগুলোর অন্যতম।

রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অভিযান পরিচালনার সক্ষমতার কারণে শত্রুপক্ষের হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় রাখতে পারে এসব সাবমেরিন।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। পার্ম সাবমেরিনও এ শ্রেণির অন্তর্ভুক্ত।

তিনি বলেন, এসব সাবমেরিন বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে সক্ষম এবং বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকবে। একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: আলজাজিরা