ইউক্রেনের হয়ে যুদ্ধ, কলম্বিয়ার নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিল রাশিয়া
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে কলম্বিয়ার এক নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত একটি আদালত ৩৩ বছর বয়সী ক্রিস্টিয়ান মোরালেস মেনদোজাকে এ সাজা দেয়। রাশিয়ার অভিযোগ, তিনি ইউক্রেনের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে সশস্ত্র সংঘাতে অংশ নিয়েছিলেন।
রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, মেনদোজার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার শুনানি শেষে আদালত এ রায় দেয়। মামলায় তাঁকে সশস্ত্র সংঘাতে অংশ নেওয়া একজন ভাড়াটে যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশই নিজেদের পক্ষে যুদ্ধ করতে হাজার হাজার বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছে। এতে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নাগরিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে।
গত মাসে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে দেশটির ২৫০ জনের বেশি নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় এক হাজার জন নিখোঁজ রয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ১৬২ জন কলম্বীয় নিহত ও ৬৬৬ জন নিখোঁজ হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন ৯৪ জন এবং নিখোঁজ রয়েছেন ২৯৭ জন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধে অন্তত ১০ হাজার কলম্বিয়ার নাগরিক ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশ নিচ্ছেন। উচ্চ বেতন ও নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে তাঁদের অনেকে বিদেশের যুদ্ধে যোগ দিয়েছেন। তবে সেখানে গিয়ে অনেককেই অমানবিক পরিস্থিতিতে যুদ্ধ করতে হচ্ছে।
গত মে মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এসব কলম্বীয় যোদ্ধার মধ্যে অন্তত সাত হাজার জন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন।
দীর্ঘদিনের সামরিক সংঘাত ও সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতার কারণে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কলম্বিয়ার নাগরিকদের চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশটির হাজার হাজার মানুষ বিদেশের বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পক্ষে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত।



