মায়ের সঙ্গে শেষ দেখা হলো না, কারাগারে বন্দি মাকে রেখেই বিদায় তূর্যের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মা কারাগারে বন্দি থাকায় মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার ইচ্ছাও পূরণ হয়নি তার। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুর আগে মায়ের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা ছিল তূর্যের। তবে তার মা শারমিন সুলতানা কাশিমপুর কারাগারে বন্দি থাকায় সেই ইচ্ছা আর পূরণ হয়নি। মাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

বর্তমানে তূর্যের মরদেহ রাজধানীর আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। প্যারোলে মুক্তির অনুমতি না মিললে মায়ের শেষ দেখার আশায় মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বজনেরা।

এদিকে সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় খোলা থাকবে কি না, তা নিয়েও বিভ্রান্তিতে রয়েছে পরিবার।

এর আগে গত ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের চিকিৎসা, পরিচর্যা, ওষুধের সংকট এবং বাকি থাকা অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছিল কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। ওই প্রতিবেদনে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর এসে পড়ার বিষয়টিও উঠে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী। শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের জেরে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক মাত্রা পায় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা তুলে ধরে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনায়ও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে সন্তানের মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া সম্ভব ছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে।