ঈদের ছুটিতে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ করেছে Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির অন্যান্য দিন সীমিত বিরতিতে ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায়। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

যাত্রীচাপ বিবেচনায় বিভিন্ন সময়ে ট্রেন চলাচলের বিরতি নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত। উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পরপর ট্রেন চলবে। পরে সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর এবং সকাল ১০টা ২৬ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাত ৯টার পর আবার ১৫ মিনিট বিরতিতে ট্রেন চলবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১১টা ৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পরপর এবং বেলা ১১টা ৪ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতিতে ট্রেন ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট ব্যবহার করা হবে। তবে যাত্রীচাপের ওপর নির্ভর করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

এ ছাড়া সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও এমআরটি/র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবারে উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিটের পর এসব সেবা চালু হবে।