আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময়সূচি ও ইমামদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন কারি ইসহাক।
দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন মো. শামসুল হক।
ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।