টাকা বাঁচাতে ট্রাকে বাড়ি ফেরা: দুর্ঘটনায় নওগাঁর ৯ বন্ধুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধু। বাসের অতিরিক্ত ১৮০০ টাকা ভাড়া বাঁচাতে তারা ফেনী থেকে একটি রডবোঝাই ট্রাকে উঠেছিলেন। কিন্তু সামান্য কিছু টাকা বাঁচানোর এই চেষ্টাই তাদের জীবনে ডেকে আনলো চরম বিপর্যয়।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ঝরে যায় ১৫টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছেন নোয়াখালীতে একসঙ্গে কাজ করা সেই ৯ বন্ধুও।
নিহত যুবকেরা নোয়াখালী এলাকায় ঘুরে ঘুরে ফেরি করে চুল, ভাঙা মোবাইল ও প্লাস্টিকের খেলনা বেচাকেনা করতেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা মোহাম্মদ তারেক, মো. আব্দুল বারেক, মোহাম্মদ বাদশা, মো. সোহাগ, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মইনুর ইসলাম এবং দুই ভাই মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াস প্রাণ হারিয়েছেন।
একই এলাকার ৯ উপার্জনক্ষম যুবকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো মান্দা উপজেলায় নেমে এসেছে স্তব্ধতা ও শোকের ছায়া; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামীণ আকাশ।



