আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৭ জুন) থেকে রাতে উভয় দিকেই মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্ধিত সময়ের আওতায় প্রাথমিকভাবে উভয় প্রান্ত থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে বিষয়টি পর্যবেক্ষণের পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এ সময় ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট।

ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, শুরুতে রাত ১১টা পর্যন্ত মতিঝিল এবং রাত ১০টা পর্যন্ত উত্তরা থেকে ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। তবে যাত্রী চাহিদা পর্যবেক্ষণের জন্য আপাতত সীমিত পরিসরে সময় বাড়ানো হয়েছে। যাত্রীসংখ্যা সন্তোষজনক হলে ভবিষ্যতে সময় আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে এবং রাতেও আধা ঘণ্টা বেশি সময় ট্রেন পরিচালনা শুরু হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। পরে পর্যায়ক্রমে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন।