চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৬,১০৪, মৃত্যু ১৮
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১৮০
ছাড়পত্র পেয়েছেন ১৭৭ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৭৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
তুলনামূলক হিসেবে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন।



