২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১০৭
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৯৩ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬৩৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



