তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সোমবার (২৭ জুলাই) জারি করা এক আদেশে তিনটি শর্তে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা স্মারকে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।
সরকারের দেওয়া তিনটি শর্ত হলো—
‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে।
লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তদন্তে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব, কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয় উঠে আসে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স স্থগিত করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় লাইসেন্সের জন্য আবেদন করলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়।



