ভিসা বাতিলে ট্রাম্প প্রশাসনের নতুন রেকর্ড

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভিসা নীতিতে কঠোরতা বেড়েছে। গত ২০ মাসে তাঁর প্রশাসন আড়াই লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর করা এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে। ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়িয়ে পড়া, আমেরিকা বা আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠার মতো কারণে ভিসা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, এটি একটি ঐতিহাসিক মাইলফলক। প্রশাসনের এই উদ্যোগ আমেরিকার জনগণকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের প্রতিফলন। তিনি সতর্ক করে বলেন, ‘আমেরিকার ভিসা কোনো অধিকার নয়, বরং বিশেষ সুযোগ। জননিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের শনাক্ত করতে যাচাই-বাছাই অব্যাহত থাকবে।’

বাতিল হওয়া ভিসার মধ্যে ২ হাজার ৩০০টি ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে সংশ্লিষ্ট। বিদেশি সন্তানসম্ভবা নারীরা সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করলে সেটিকে বার্থ ট্যুরিজম হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া দুর্নীতির অভিযোগে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর বর্তমান ও সাবেক ২৭ কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে আমেরিকা।

এর আগে গত আগস্টেও একই ধরনের অভিযানে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল। তখন হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়।