মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, বদলি জাকের
খেলা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর বদলি হিসেবে দলে যুক্ত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল। এরপর তাঁর মধ্যে কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার লক্ষণ দেখা দেয়। এ কারণে ম্যাচের বাকি সময়ের জন্য তাঁর বদলি হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়েছে।
এদিকে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। মাত্র ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাটিং করছেন কনকাশন বদলি হিসেবে দলে আসা জাকের আলী।
প্রথম ইনিংসে ব্যাট হাতে ২টি চারের সাহায্যে ৫১ বলে ২৮ রান করেন মুমিনুল। তাঁর ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।



