পর্যটন মেলায় বিমান টিকিট, হোটেল ও ক্রুজ ভ্রমণে আকর্ষণীয় ছাড়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। মেলায় দর্শনার্থীদের জন্য বিমান টিকিট, হোটেল বুকিং, ক্রুজ ভ্রমণ ও ভিসা প্রক্রিয়াকরণ সেবায় নানা ধরনের বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার ঘোষণা করেছে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলো।

আয়োজকদের তথ্যমতে, ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। এতে অংশ নেওয়া বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল ও ভ্রমণসেবা প্রতিষ্ঠানগুলো ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রচারণামূলক অফার দিচ্ছে।

মেলায় অংশ নেওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ গন্তব্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। মোট ১৯টি গন্তব্যে এ সুবিধা পাওয়া যাচ্ছে। অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭টি গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে।

ক্রুজ ভ্রমণেও রয়েছে মূল্যছাড়। সুন্দরবনগামী বিভিন্ন ক্রুজ প্যাকেজে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। দুই রাত ও তিন দিনের সুন্দরবন ভ্রমণের বিভিন্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে।

হোটেল খাতেও রয়েছে আকর্ষণীয় অফার। কিছু প্রতিষ্ঠান বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি অতিরিক্ত রাত থাকার সুবিধা দিচ্ছে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন রিসোর্ট ও হোটেল বুকিংয়ে চালু করা হয়েছে সীমিত সময়ের বিশেষ প্যাকেজ।

বিদেশ ভ্রমণে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ সেবায়ও ছাড় ঘোষণা করেছে কয়েকটি ট্রাভেল প্রতিষ্ঠান। মেলায় অংশ নেওয়া একটি প্রতিষ্ঠান ভিসা প্রসেসিং ফিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বলে জানিয়েছে।

এদিকে, চিকিৎসা পর্যটন নিয়েও দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। চীন, ভারতসহ বিভিন্ন দেশের চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বিদেশে চিকিৎসার খরচ, হাসপাতালের সুযোগ-সুবিধা এবং চিকিৎসা প্যাকেজ সম্পর্কে তথ্য দিচ্ছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলাটি। এতে দেশি-বিদেশি ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।