থাইল্যান্ডে ১০০ বাথের ভ্রমণ ভাউচার, মিলবে বিশেষ ছাড়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

দেশীয় পর্যটনকে উৎসাহিত করতে নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি)। ‘১০০ বাথ, ট্রাভেল অ্যাক্রস থাইল্যান্ড!’ শীর্ষক এ কর্মসূচির আওতায় মাত্র ১০০ বাত মূল্যে বিক্রি করা হবে ভ্রমণ ভাউচার।

টিএটির গভর্নর থাপানি কিয়াতফাইবুল জানান, আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ কর্মসূচি চলবে। থাই নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের সপ্তাহের কর্মদিবসে আরও বেশি ভ্রমণে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

কর্মসূচির আওতায় থাকবে দুটি প্রধান উদ্যোগ। অংশগ্রহণকারী পর্যটন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সেবা ও পণ্যে বিশেষ মূল্যছাড় দেবে। পাশাপাশি ‘শক ডিলস’ নামের বিশেষ অফারের মাধ্যমে অনলাইনে ১০০ বাথ মূল্যের ভ্রমণ ভাউচার বিক্রি করা হবে।

জানা গেছে, প্রচারণার সময় আট দফায় মঙ্গলবার এসব ভাউচার বিক্রি করা হবে। তবে ভাউচার ব্যবহার করা যাবে শুধু সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনের বাইরে পর্যটন কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

থাপানি কিয়াতফাইবুল বলেন, দেশজুড়ে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় অফার একত্র করে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করা হবে। একই সঙ্গে অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন ব্যবসায়ীদের আয় বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি খাতের ১৭০ জনের বেশি প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেছে টিএটি। এতে আবাসন, রেস্তোরাঁ, পর্যটন আকর্ষণ, স্বাস্থ্য ও সৌন্দর্যসেবা এবং অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের আশা, এ কর্মসূচি সারা বছর ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি পর্যটন আয়ের সুফল দেশের বিভিন্ন অঞ্চল ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতেও সহায়তা করবে।