শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুতেই চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনের প্রথম ঘণ্টায় তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে সেই চাপ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কেভন উইকহ্যাম ও আমির জাঙ্গুর ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা।

প্রথম সেশনে ৩ উইকেটে ৮৬ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশন শেষ করেছে ৪ উইকেটে ১৮০ রান নিয়ে। অর্থাৎ এই সেশনে এক উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করেছে সফরকারীরা।

দ্বিতীয় সেশনে বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য এনে দেন হাসান মাহমুদ। তাঁর বলে ৬১ রান করে বোল্ড হন কেভন উইকহ্যাম। ২৫১ বল স্থায়ী হয় উইকহ্যাম ও আমির জাঙ্গুর জুটি।

তবে একবার জীবন পাওয়া আমির জাঙ্গু এখনো ক্রিজে আছেন। দ্বিতীয় সেশন শেষে তাঁর সংগ্রহ ৭৬ রান। অন্য প্রান্তে ১৬ রান নিয়ে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদের বলে ৯ রান করে বোল্ড হন ব্র্যান্ডন কিং। এরপর কাভেম হজকে বোল্ড করেন হাসান মাহমুদ। আর জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ করে ফেরান তাসকিন।

মাত্র ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। কিন্তু উইকহ্যাম ও জাঙ্গুর প্রতিরোধে সেই ধাক্কা সামলে ম্যাচে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।