সিলেট টেস্টে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের, চাপে বাংলাদেশ
ডেল্টা খেলা
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই ১৭১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা।
মিরপুর টেস্টে আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। দলের বিপদের সময় দুই ইনিংসেই অবিবেচক শটে উইকেট হারানোয় সমালোচিত হন তিনি। সিলেট টেস্টে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিলেন এই ডানহাতি ব্যাটার।
শনিবার (৭ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ৬৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেসের বলে লেগ সাইডে ঠেলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। প্রথম টেস্ট সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। এরপর সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হৃদয়ের সেঞ্চুরির পরই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ১৫১ রানে পিছিয়ে স্বাগতিকরা। হৃদয় ১০০ এবং তাইজুল ইসলাম ১ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের অন্য ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান হৃদয়। মুশফিকুর রহিম ৩৪, মেহেদী হাসান মিরাজ ১৬ ও লিটন দাস করেন ৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছেন। তাঁর শিকার হয়েছেন বাংলাদেশের চার উইকেটের মধ্যে তিনজন।
তৃতীয় দিন ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে বড় সংগ্রহের প্রত্যাশা থাকলেও সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একাই লড়াই চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত তাঁর ব্যাটেই লড়াইয়ে টিকে থাকার আশা দেখছে বাংলাদেশ।



