ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস, বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি গড়লেন তাওহিদ হৃদয়। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে একাই লড়াই করে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

বাংলাদেশ যখন মাত্র ১৭২ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে, তখন দলের সামনে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা। এর মধ্যে ওপেনার সাদমান ইসলামের চোটে ব্যাটিংয়ের বিকল্পও সীমিত হয়ে পড়ে। এমন কঠিন পরিস্থিতিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হৃদয়। একের পর এক দৃষ্টিনন্দন শটে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেখানেই থেমে থাকেননি, অসাধারণ ব্যাটিংয়ে সেই ইনিংসকে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন হৃদয়। এর আগে দেশের হয়ে এই কীর্তি ছিল মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালের। মুশফিক একাই করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। সাকিব ও তামিমের রয়েছে একটি করে।

তবে হৃদয়ের কীর্তি অন্যদের চেয়ে আলাদা। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার প্রথম টেস্ট সেঞ্চুরিতে এত রান করতে পারেননি। এই রেকর্ডের আগের মালিক ছিলেন মুমিনুল হক। প্রথম সেঞ্চুরিতে তাঁর সংগ্রহ ছিল ১৮১ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নতুন ইতিহাস লিখেছেন হৃদয়। এই মাঠে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি এটি। এর আগে এ ভেন্যুতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস করেছিলেন ১৬৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্টে নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। ক্যারিবীয়দের বিপক্ষে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটার ব্যক্তিগত ১৫০ রানের সীমাও অতিক্রম করতে পারেননি। প্রথম বাংলাদেশি হিসেবে সেই সীমা পেরিয়ে সরাসরি ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছেন তিনি।

হৃদয়ের এই মহাকাব্যিক ইনিংস সাজানো ৩০৪ বলে ১৯টি চার ও ৭টি ছক্কায়। অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে গড়েছেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই উইকেটে সর্বোচ্চ ১৪৪ রানের জুটির রেকর্ড রয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁরা এই জুটি গড়েছিলেন।

হৃদয়ের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানও নেমে এসেছে মাত্র ১০ রানে। দলের চরম বিপর্যয়ে এমন অসাধারণ ইনিংস খেলে শুধু নিজের নামই ইতিহাসে লেখাননি হৃদয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটকেও উপহার দিয়েছেন স্মরণীয় এক অধ্যায়।