হৃদয়ের লিড ম্লান, সিলেট টেস্টে জয়ের আশা ক্ষীণ বাংলাদেশের

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

সিলেট টেস্টের চতুর্থ দিনটা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাট হাতে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর বল হাতে সেই সুবিধা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ জিতে সিরিজ ড্র করার স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে।

দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৪৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। এখনো ইনিংস ঘোষণা না করায় বাংলাদেশের সামনে লক্ষ্য কত হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৭ রান। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই কীর্তি গড়েছিল দলটি। ফলে বর্তমান পরিস্থিতিতে ম্যাচ জিতে সিরিজ ড্র করতে হলে বাংলাদেশকে নিজেদের ইতিহাসের সেরা রান তাড়ার রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্র্যান্ডন কিং ৬১ রান এবং জোশুয়া ডি সিলভা ৩৬ রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এরপর সেঞ্চুরি তুলে নিয়ে ১৪০ রানে অপরাজিত রয়েছেন কাভেম হজ। অভিষিক্ত কেভিন উইকহাম প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছেন। আমির জাঙ্গু অপরাজিত আছেন ২০ রানে।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ভালো বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে তাঁদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি।

এর আগে তৃতীয় দিন তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল। কিন্তু চতুর্থ দিনে বল হাতে ব্যর্থতায় সেই সুবিধা এখন প্রতিপক্ষের বড় লিডের নিচে চাপা পড়েছে।

আগামীকাল ম্যাচের শেষ দিনে লক্ষ্য তাড়ায় নামবে বাংলাদেশ। তবে ৩১৫ রানের লিড এবং হাতে থাকা উইকেট বিবেচনায় ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের হাতে। বাংলাদেশের সামনে জয় পাওয়া কঠিন, বরং ড্র করাটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।