৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।
তিনি বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। সঠিকভাবে এ অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবন বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন যোগাযোগব্যবস্থা গতিশীল করা, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখতে হবে।
প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভাগগুলো হলো—ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।



