ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে অবরোধ চলছিল।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময় চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।