রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।

গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি।

পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ।

হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না আক্তার খালাস পেয়েছেন।