সরকারি চাকরিজীবীদের আওয়ামী লীগ-সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষ দলটির সাথে যুক্ত ছিলেন। এটি সমস্যা নয়। তবে প্রজাতন্ত্রের কর্মচারীরা চাকরিতে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে সেটি গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে।

সরকার দ্রুত এসব বিষয় সামাল দিতে পারবে বলেও আশ্বস্ত করেন জাহেদ উর রহমান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি বেআইনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।’

পুলিশের বলপ্রয়োগের বিষয়ে তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় বলপ্রয়োগের মাত্রা যেন বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।