অভিবাসীদের বহিষ্কারপ্রক্রিয়া দ্রুত করতে যুক্তরাজ্যে নতুন বিল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

যুক্তরাজ্যের অভিবাসন ও আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিতর্কিত ‘ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল’ ২৯০-৯৪ ভোটে পাস হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলটির তৃতীয় ও চূড়ান্ত পাঠের ভোটাভুটিতে ১৯৬ ভোটের ব্যবধানে এটি অনুমোদন পায়। এরপর পর্যালোচনার জন্য বিলটি উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই বিলের লক্ষ্য দেশটির অভিবাসন ও আশ্রয়প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করা। প্রকৃত আশ্রয়প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে এতে।

বিলে অভিবাসন ও আশ্রয়সংক্রান্ত আবেদন নিষ্পত্তি, আপিল প্রক্রিয়া এবং দেশ থেকে বহিষ্কারের ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে আশ্রয় বা অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলেও ব্যর্থ ব্যক্তিদের দেশ থেকে অপসারণের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, নতুন স্বাধীন আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর অতিরিক্ত নোটিশের সময় ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে অপসারণের ব্যবস্থা করার ক্ষমতা দেওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের বহিষ্কারপ্রক্রিয়া আরও দ্রুত করার সুযোগ তৈরি হতে পারে।

তবে বিলটি এখনো চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি। হাউস অব লর্ডসে পর্যালোচনা এবং পার্লামেন্টের পরবর্তী আইন প্রণয়নপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এর চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারিত হবে।

যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং ভবিষ্যতে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন ব্যক্তিদের জন্য বিলটির অগ্রগতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিবাসন আবেদন, আপিল এবং বহিষ্কারসংক্রান্ত প্রস্তাবিত পরিবর্তনগুলো তাঁদের ওপর প্রভাব ফেলতে পারে।

তবে নতুন বিধান কার্যকর হওয়ার আগে বর্তমান ভিসা ও অভিবাসনবিধির সাথে প্রস্তাবিত পরিবর্তনগুলোর পার্থক্য বুঝে নেওয়া জরুরি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বিলটির পরবর্তী পার্লামেন্টারি প্রক্রিয়া ও সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে হবে।