অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পর্তুগালের ভিসা আবেদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

ইউরোপের দেশ পর্তুগালের ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে দেশটির লন্ডনস্থ কনস্যুলেট। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট পাঁচ শ্রেণির আবেদনকারী আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার আবেদন জমা দিতে পারবেন। ২০২৬ সালের নভেম্বর থেকে চালু হওয়া এ সুবিধা পাওয়া যাচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ভিএফএস গ্লোবাল ভিসা আবেদনকেন্দ্রে।

কনস্যুলেট জানিয়েছে, নির্দিষ্ট কিছু আবেদনকারীর ভোগান্তি কমানো এবং আবেদনপ্রক্রিয়া সহজ করতে সপ্তাহে এক দিন ওয়াক-ইন সেবা চালু করা হয়েছে। তবে এ সুবিধা সবার জন্য নয়। নির্ধারিত পাঁচ শ্রেণির আবেদনকারীরাই কেবল এ সুযোগ পাবেন।

যাঁরা পাবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আবেদনের সুযোগ

নতুন নিয়মে প্রথম শ্রেণিতে রয়েছেন পর্তুগালের নাগরিকদের পরিবারের সদস্যরা। দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের পরিবারের সদস্যরা, যাঁরা সংশ্লিষ্ট ইউরোপীয় ইউনিয়নের ২০০৪/৩৮/ইসি নির্দেশনার আওতাভুক্ত।

তৃতীয় শ্রেণিতে রয়েছেন পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদনকারীরা। তবে তাঁদের ক্ষেত্রে পর্তুগালের অভিবাসন কর্তৃপক্ষ এআইএমএ (AIMA) থেকে পারিবারিক পুনর্মিলনের অনুমোদনসংক্রান্ত নোটিশ থাকতে হবে।

চতুর্থ শ্রেণিতে রয়েছেন উচ্চশিক্ষার শিক্ষার্থীরা। স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ও পোস্ট-ডক্টরেট পর্যায়ে পড়াশোনার জন্য আবেদনকারীরা এ সুবিধা পাবেন। এ তালিকায় ইরাসমাস প্লাস (Erasmus+) কর্মসূচির শিক্ষার্থীরাও রয়েছেন।

পঞ্চম শ্রেণিতে রয়েছেন স্বল্পমেয়াদি শেংগেন ভিসার আবেদনকারীরা। তবে তাঁদের আগে অন্তত তিনটি শেংগেন ভিসা পাওয়ার প্রমাণ দেখাতে হবে।

আবেদনের দিন ও সময়

কনস্যুলেটের ঘোষণা অনুযায়ী, প্রতি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লন্ডনের ভিএফএস গ্লোবাল ভিসা আবেদনকেন্দ্রে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে। পাশাপাশি আবেদন গ্রহণের বিষয়টি কেন্দ্রের সেবাদানের সক্ষমতার ওপর নির্ভর করবে।

এটি প্রতিদিনের ওয়াক-ইন সেবা নয়। নির্ধারিত দিন ও সময় অনুসরণ করেই আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি কেন্দ্রের কর্মীদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শেংগেন ভিসার ক্ষেত্রে সতর্কতা

অন্তত তিনটি শেংগেন ভিসা থাকার শর্ত পূরণ করে যাঁরা আবেদন করবেন, তাঁদের জন্য এ সুযোগ কেবল স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। এ ভিসা পর্তুগাল কিংবা অন্য কোনো শেংগেনভুক্ত দেশে দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি দেয় না। অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদনকারীকে শেংগেন এলাকা ত্যাগ করতে হবে।

কনস্যুলেট আরও জানিয়েছে, আবেদনকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নিজস্বভাবে সিরিয়াল বা টোকেন ব্যবস্থা চালু করা যাবে না। বিশৃঙ্খলা কিংবা নিরাপত্তার ঘাটতি দেখা দিলে ওয়াক-ইন সেবা বন্ধ করে দেওয়া হতে পারে।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য কী সুযোগ রয়েছে?

পর্তুগালের ভিসা আবেদনপ্রক্রিয়ায় এ পরিবর্তন মূলত লন্ডনস্থ ভিসা আবেদনকেন্দ্রের জন্য। ফলে বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের ভিসা আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা এ সুবিধার আওতায় পড়বেন না।

তবে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিরা নির্ধারিত পাঁচ শ্রেণির কোনো একটির আওতায় পড়লে এবং লন্ডন ভিসা আবেদনকেন্দ্রের অধিক্ষেত্রের শর্ত পূরণ করলে এ সুযোগ নিতে পারবেন।

তাই পর্তুগালের ভিসা পেতে আগ্রহীদের আবেদন করার আগে নিজেদের আবেদন-শ্রেণি, অবস্থান এবং সংশ্লিষ্ট ভিসাকেন্দ্রের সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়া জরুরি।