অবৈধ অভিবাসীদের ফেরাতে কঠোর হচ্ছে ব্রিটেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

ব্রিটেনে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল পাস হয়েছে। গত ১৭ নভেম্বর ২৯০-৯৪ ভোটে পাস হওয়া বিলটি এখন উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, যেসব অভিবাসীর আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত হবে এবং আপিলের সব সুযোগ শেষ হবে, তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা হবে। বর্তমানে তাঁদের ফেরত পাঠানোর আগে অন্তত পাঁচ কর্মদিবসের নোটিশ দিতে হয়। নতুন বিধানে এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে আপিলের সুযোগ শেষ হওয়া ব্যক্তিদের পরবর্তী ছয় মাসের মধ্যে অতিরিক্ত নোটিশ ছাড়াই ফেরত পাঠানোর সুযোগ পাবেন কর্তৃপক্ষ।

এ ছাড়া মানব পাচার ও আধুনিক দাসত্বের শিকার হওয়ার দাবি যাচাইয়ের ক্ষেত্রেও কঠোরতা আনার প্রস্তাব রয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে এমন দাবি করলে তিনি সংশ্লিষ্ট সুরক্ষা ও সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

আশ্রয়প্রার্থীদের সরকারি সহায়তার খরচ নিয়েও নতুন বিধান রাখা হয়েছে। যাঁরা আর্থিকভাবে সক্ষম, তাঁদের কাছ থেকে আগে পাওয়া সরকারি সহায়তার ব্যয়ের একটি অংশ ফেরত নেওয়ার ক্ষমতা পাবে সরকার।

তবে বিলটি এখনো চূড়ান্ত আইন হয়নি। হাউস অব লর্ডসে পর্যালোচনা ও পরবর্তী সংসদীয় প্রক্রিয়া শেষে এটি আইনে পরিণত হতে পারবে।

এদিকে ব্রিটেনের শরণার্থী বিষয়ক সংস্থা রিফিউজি কাউন্সিল বলেছে, শরণার্থীরা বিপদ থেকে পালানোর সময় আশ্রয় নেওয়ার দেশগুলোর মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেন না। পারিবারিক সম্পর্ক ও ইংরেজি ভাষায় দক্ষতার মতো বিষয় তাঁদের ব্রিটেনে আসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এসব বিষয় নতুন দেশে নিরাপদে জীবন শুরু করতে সহায়তা করে।

ব্রিটেনের নতুন অভিবাসন নীতির বেশ কিছু পদক্ষেপ ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংস্কারের ক্ষেত্রে শুধু ডেনমার্ক নয়, ইউরোপের অন্যান্য দেশের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।

নতুন বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শরণার্থী ও মানবিক সুরক্ষার জন্য পৃথক মর্যাদার পরিবর্তে একক ‘কোর প্রোটেকশন’ ব্যবস্থা চালুর উদ্যোগ। এর মাধ্যমে আশ্রয় ও মানবিক সুরক্ষার আবেদন মূল্যায়নের প্রক্রিয়া একীভূত করার পরিকল্পনা রয়েছে।

ব্রিটেন সরকারের প্রস্তাবিত এই পরিবর্তনগুলো আশ্রয়প্রার্থীদের সুরক্ষা, সরকারি সহায়তা এবং বসবাসের অধিকারসংক্রান্ত নীতিতে পরিবর্তন আনতে পারে। তবে এসব বিধানের চূড়ান্ত রূপ নির্ভর করছে সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।