পর্তুগালের ভিসায় নতুন সুবিধা, বাংলাদেশিরা কি পাবেন?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

পর্তুগালের ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করেছে দেশটির লন্ডনস্থ কনস্যুলেট। ২০২৬ সালের নভেম্বর থেকে নির্দিষ্ট পাঁচ শ্রেণির আবেদনকারী আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার আবেদন জমা দিতে পারছেন। তবে এ সুবিধা শুধু যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ভিএফএস গ্লোবাল আবেদনকেন্দ্রের জন্য।

কনস্যুলেটের ঘোষণা অনুযায়ী, প্রতি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে। আবেদন গ্রহণ কেন্দ্রের সক্ষমতার ওপরও নির্ভর করবে।

নতুন নিয়মে যাঁরা এ সুবিধা পাবেন, তাঁরা হলেন—পর্তুগালের নাগরিকদের পরিবারের সদস্য, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নির্ধারিত বিধির আওতাভুক্ত পরিবারের সদস্য, পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদনকারী, উচ্চশিক্ষার শিক্ষার্থী এবং স্বল্পমেয়াদি শেংগেন ভিসার আবেদনকারী।

পারিবারিক পুনর্মিলন ভিসার ক্ষেত্রে পর্তুগালের অভিবাসন কর্তৃপক্ষ এআইএমএর অনুমোদনসংক্রান্ত নোটিশ থাকতে হবে। উচ্চশিক্ষার মধ্যে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট-ডক্টরেট ও ইরাসমাস প্লাস কর্মসূচি অন্তর্ভুক্ত। আর স্বল্পমেয়াদি শেংগেন ভিসার আবেদনকারীদের আগে অন্তত তিনটি শেংগেন ভিসা পাওয়ার প্রমাণ দেখাতে হবে।

কনস্যুলেট জানিয়েছে, এটি প্রতিদিনের ওয়াক-ইন সেবা নয়। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে এবং কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করতে হবে। বিশৃঙ্খলা বা নিরাপত্তার সমস্যা দেখা দিলে এ সেবা বন্ধ করা হতে পারে।

বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের ভিসা আবেদনকারীরা এ সুবিধা পাবেন না। তবে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিরা নির্ধারিত পাঁচ শ্রেণির কোনো একটির আওতায় পড়লে এবং লন্ডন আবেদনকেন্দ্রের অধিক্ষেত্রের শর্ত পূরণ করলে এ সুযোগ নিতে পারবেন।

এ ছাড়া তিনটি বা তার বেশি শেংগেন ভিসা থাকার শর্তে যাঁরা আবেদন করবেন, তাঁদের জন্য এ সুযোগ শুধু স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। এটি পর্তুগাল বা অন্য কোনো শেংগেনভুক্ত দেশে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি দেয় না।