কানাডায় স্থায়ী হওয়ার নতুন সুযোগ, বিবেচনায় ২ লাখ মানুষ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

কানাডায় আগে থেকেই বসবাসরত সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বাসিন্দা (পিআর) হওয়ার সুযোগ তৈরি করছে দেশটির সরকার। ২০২৭ সালের জন্য নেওয়া সময়সীমাবদ্ধ এ উদ্যোগের আওতায় কর্মী ও নির্দিষ্ট মানবিক-পরিবারভিত্তিক শ্রেণির আবেদনকারীদের স্থায়ী বসবাসের আবেদন নিষ্পত্তি করা হবে। তবে এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়; কানাডার বাইরে থেকে নতুন করে যাওয়ার সুযোগও তৈরি করছে না।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এ উদ্যোগের আওতায় সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ার সুযোগ থাকবে। প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সাথে সমন্বয় করে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের নির্বাচন করা হবে।

অন্য ১ লাখের মধ্যে রয়েছেন নির্দিষ্ট মানবিক ও পরিবারভিত্তিক শ্রেণির আবেদনকারীরা। এ তালিকায় হংকং ও ইউক্রেন-সংশ্লিষ্ট বন্ধ হয়ে যাওয়া অভিবাসনপথে আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া ব্যক্তি এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানেরা রয়েছেন।

কারা সুযোগ পাবেন?

কর্মী শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ সুযোগের আওতায় থাকতে পারেন—

  • প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (PNP) মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মীরা।

  • স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য খাত এবং পরিচর্যাকর্মী-সংক্রান্ত কয়েকটি বন্ধ হয়ে যাওয়া কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা।

  • এসব কর্মীর পরিবারের সদস্যরাও নির্ধারিত শর্তে অন্তর্ভুক্ত হতে পারেন।

মানবিক ও পরিবারভিত্তিক শ্রেণিতে হংকং ও ইউক্রেন-সংশ্লিষ্ট কর্মসূচিতে আবেদনকারী, মানবিক কারণে স্থায়ী বসবাসের নীতিগত অনুমোদন পাওয়া ব্যক্তি এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট পরিবারের সদস্যরা বিবেচিত হবেন।

নতুন করে আবেদন করতে হবে?

কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, এ উদ্যোগের আওতায় বিবেচিত হওয়ার জন্য আলাদা করে আবেদন বা অভিবাসন বিভাগের সাথে যোগাযোগের প্রয়োজন নেই। নির্ধারিত শ্রেণিতে আগে থেকেই আবেদন করা ব্যক্তিদের আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এটি এককালীন উদ্যোগ; নতুন কোনো অভিবাসনপথ চালু বা বন্ধ হয়ে যাওয়া কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা নয়।

বাংলাদেশিদের জন্য কী অর্থ বহন করছে?

কানাডায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যাঁরা নির্ধারিত কর্মী, পরিবারভিত্তিক বা মানবিক শ্রেণির আওতায় পড়েন, তাঁদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কানাডার বাইরে থাকা বাংলাদেশি আবেদনকারীরা এ কর্মসূচির আওতায় সরাসরি নতুন করে যাওয়ার সুযোগ পাবেন না।

তাই কানাডায় অবস্থানরত আগ্রহীদের নিজেদের আবেদনের ধরন ও যোগ্যতা যাচাই করা জরুরি। শুধু কানাডায় বসবাস বা কাজ করলেই এ কর্মসূচিতে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মিলবে না।