ব্রিটেনে পড়তে গিয়ে ভিসার সাক্ষাৎকারেই আটকে যাচ্ছেন বাংলাদেশিরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

ব্রিটেনে উচ্চশিক্ষার জন্য ভিসা পেতে কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ভিসার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রতি ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় আটজনের আবেদন প্রত্যাখ্যান করছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সাম্প্রতিক ছয় মাসের হিসাবে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৭৯ শতাংশ।

দ্য পাই নিউজের ১৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে ব্রিটেনের ভিসা কর্তৃপক্ষ ১১ হাজার ৪১৫ জন বিদেশি শিক্ষার্থীর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকার নেয়। এর মধ্যে ৯ হাজার ৪৩ জনের বক্তব্যকে অবিশ্বাসযোগ্য বিবেচনা করে ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাখ্যানের হার প্রায় ৭৯ শতাংশ।

দেশভিত্তিক হিসাবে সাক্ষাৎকারে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ৭৯ শতাংশের আবেদন প্রত্যাখ্যান হয়েছে। এ তালিকায় সর্বোচ্চ প্রত্যাখ্যানের হার নেপালের শিক্ষার্থীদের। দেশটির ৯২ শতাংশ শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এ ছাড়া ভারতের শিক্ষার্থীদের ৮৯ শতাংশ, নাইজেরিয়ার ৮৪ শতাংশ এবং পাকিস্তানের ৭৩ শতাংশ শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান হয়েছে। শ্রীলঙ্কার শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রত্যাখ্যানের হার ৭৯ শতাংশ।

ব্রিটেনের ভিসা ও অভিবাসন কর্তৃপক্ষের (ইউকেভিআই) তথ্য অনুযায়ী, ভিসার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো পছন্দের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত গবেষণা না থাকা। পাশাপাশি কেন ব্রিটেনে পড়তে চান, পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ এবং নির্বাচিত বিষয়ে তাঁদের জ্ঞান কতটা—এসব প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারাও ভিসা প্রত্যাখ্যানের কারণ হচ্ছে।

এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা এবং পড়াশোনার ব্যয় বহনের অর্থের উৎসের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি বাড়ছে।

এ পরিস্থিতিতে ব্রিটেনে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়, নির্বাচিত বিষয়, পড়াশোনার ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে সাক্ষাৎকারের জন্য ডাক পেলে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠ্যক্রম এবং ব্রিটেনে পড়তে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

তবে ইউকেভিআই জানিয়েছে, এই পরিসংখ্যান ছয় মাসের তথ্যের ভিত্তিতে তৈরি। তাই একে পুরো বছরের চিত্র হিসেবে বিবেচনা করা যাবে না। একই সঙ্গে মনে রাখতে হবে, ৭৯ শতাংশ প্রত্যাখ্যানের হার সব শিক্ষার্থী বা সব ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়; এটি কেবল বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের হিসাব।

সূত্র: দ্য পাই নিউজ