নিউজিল্যান্ডে শিক্ষার্থীদের জন্য নতুন ৬ মাসের ওয়ার্ক ভিসা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াতে নতুন ছয় মাসের গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু করেছে নিউজিল্যান্ড। শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা নামের এ ভিসায় যোগ্য শিক্ষার্থীরা দেশটিতে ছয় মাস পর্যন্ত কাজ করতে পারবেন। যাঁরা প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার (PSWV) যোগ্যতা অর্জন করতে পারেন না, মূলত তাঁদের জন্য এ সুযোগ চালু করা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে নতুন এ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে ১৬ নভেম্বর আবেদন শুরুর ঘোষণা দেওয়া হলেও পরবর্তী সময়ে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন?

নতুন এ ভিসার জন্য আবেদন করতে হলে নিউজিল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্কের (NZQCF) লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের যোগ্যতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে।

  • নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে।
  • সংশ্লিষ্ট যোগ্যতা সফলভাবে সম্পন্ন করতে হবে।
  • কোর্সটি ইংরেজি ভাষা, ফাউন্ডেশন বা ব্রিজিং কোর্স হওয়া যাবে না।
  • মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স এ ভিসার জন্য গ্রহণযোগ্য নয়।
  • অর্জিত যোগ্যতার ভিত্তিতে প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্য হওয়া যাবে না।
  • নিজের থাকা-খাওয়ার খরচ চালানোর জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে।
  • আগে কখনো Short-Term Graduate Work Visa অথবা Post-Study Work Visa পাওয়া যাবে না।

এ ছাড়া আবেদনকারীকে স্বাস্থ্যসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী মেডিকেল পরীক্ষা ও বুকের এক্স-রে করাতে হতে পারে।

ছয় মাসে কাজের সুযোগ কেমন?

এ ভিসায় ছয় মাস পর্যন্ত নিউজিল্যান্ডের যেকোনো নিয়োগকর্তার অধীনে যেকোনো পেশায় কাজ করা যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরির সময় পাবেন।

বিশেষ করে কোনো স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেলে শর্ত পূরণ সাপেক্ষে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার (AEWV) জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

তবে এ ভিসায় কাজ করতে হলে নিয়োগকর্তার সাথে চাকরির চুক্তি বা সেবা প্রদানের চুক্তি থাকতে হবে। নিজস্ব ব্যবসা পরিচালনা বা ব্যবসার মালিক হওয়ার অনুমতি নেই।

আবেদনের সময়সীমা ও অন্যান্য শর্ত

নতুন ভিসার জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে। নির্ধারিত সময় পার হয়ে গেলে সাধারণভাবে এ ভিসার জন্য আবেদন করা যাবে না।

এ ভিসা একজন ব্যক্তি জীবনে মাত্র একবার পেতে পারবেন। এর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। একইভাবে আগে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পেয়ে থাকলেও নতুন এ ভিসার জন্য আবেদন করা যাবে না।

এ ছাড়া এ ভিসার ভিত্তিতে স্বামী বা স্ত্রীর জন্য ওয়ার্ক ভিসা কিংবা নির্ভরশীল সন্তানের জন্য শিক্ষার্থী ভিসার আবেদন সমর্থন করার সুযোগ নেই। তবে পরিবারের সদস্যরা নিজ যোগ্যতায় অথবা ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে, খরচ কত?

নিউজিল্যান্ডের ইমিগ্রেশন নিউজিল্যান্ডের অনলাইন আবেদনব্যবস্থা Enhanced Immigration Online (ADEPT) ব্যবহার করে এ ভিসার আবেদন করতে হবে।

আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, নিউজিল্যান্ডে পড়াশোনার তথ্য, শিক্ষার্থী ভিসার মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসংক্রান্ত নথি জমা দিতে হবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে এ ভিসার আবেদন ফি শূন্য নিউজিল্যান্ড ডলার থেকে শুরু বলে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী প্রকৃত খরচ যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ

নিউজিল্যান্ডে পড়াশোনা করছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীরাও নতুন এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে শুধু নিউজিল্যান্ডে পড়াশোনা করলেই এ ভিসা পাওয়া যাবে না। নির্ধারিত লেভেলের যোগ্যতা অর্জন, অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা, আর্থিক সক্ষমতা এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

বিশেষ করে যাঁরা লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু প্রচলিত পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার আওতায় আসছেন না, তাঁদের জন্য নতুন এ সুযোগ গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে আবেদন করার আগে নিজের কোর্সের যোগ্যতা, শিক্ষার্থী ভিসার মেয়াদ এবং অন্যান্য শর্ত ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট থেকে যাচাই করা জরুরি।

সূত্র: ইমিগ্রেশন নিউজিল্যান্ড।