বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালিতে স্নাতকোত্তরে বৃত্তির সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বৃত্তির সুযোগ দিচ্ছে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ইংরেজি মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এ সুযোগের জন্য বিবেচিত হবেন।

১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম পরিচিত কারিগরি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, স্থাপত্য ও নকশাসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষের মেধাভিত্তিক বৃত্তির জন্য কেবল ইংরেজি মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তিচ্ছু আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

এ বৃত্তির জন্য যোগ্য হতে হলে শিক্ষার্থীদের ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন জমা দিতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত হতে ইংরেজি ভাষায় দক্ষতার বৈধ সনদ ২০২৭ সালের ৪ মার্চের মধ্যে জমা দিতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায়—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

  • কিছু বৃত্তির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ হাজার ইউরো পর্যন্ত আর্থিক ভাতা দেওয়া হবে।

  • বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের প্রায় ১৭০ ইউরো প্রশাসনিক ফি দিতে হবে।

আবেদনের যোগ্যতা

  • ইংরেজি মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে হবে।

  • ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সময়ের আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • পূর্ববর্তী শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।

  • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষাগত যোগ্যতা পূরণ করতে হবে।

  • ভর্তি ও বৃত্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাগত ফলাফল, সংশ্লিষ্ট প্রোগ্রামের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সামঞ্জস্য, আবেদনপত্রের তথ্য এবং অন্যান্য নথির ভিত্তিতে বৃত্তির জন্য প্রার্থী নির্বাচন করবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পদ্ধতিতে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের অনলাইন সেবার মাধ্যমে বৃত্তির আবেদন জমা দিতে হবে।

আবেদন, যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন।