বিদেশি শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে নতুন কর্মভিসা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ খুঁজছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা চালু করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার (Post-Study Work Visa) যোগ্যতা সম্প্রসারণের পাশাপাশি চালু হয়েছে নতুন ছয় মাসের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা (Short-Term Graduate Work Visa)।

সোমবার (২৩ নভেম্বর) থেকে এই দুই ধরনের ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের নতুন অনলাইন প্ল্যাটফর্মে। এর মাধ্যমে আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় নথি সরবরাহ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করা আরও সহজ হবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর থেকে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধি বাড়ানো হয়েছে। নতুন নিয়মে নিউজিল্যান্ডে এনজেডকিউসিএফ (NZQCF) লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আবেদনকারীর নিউজিল্যান্ড অথবা অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট ডিপ্লোমার পুরো মেয়াদ নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে পড়াশোনা করতে হবে। ক্রেডিট স্থানান্তর বা পূর্ববর্তী শিক্ষার স্বীকৃতির মাধ্যমে অর্জিত ক্রেডিট এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

যোগ্যতা পূরণ করলে গ্র্যাজুয়েট ডিপ্লোমার মেয়াদের সমপরিমাণ সময়ের জন্য কাজের অনুমতি পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর পর্যন্ত ভিসা দেওয়া হবে।

এদিকে, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে না পারা নির্দিষ্ট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা। এর আওতায় যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে ছয় মাস পর্যন্ত কাজ করতে পারবেন। এ সময়ের মধ্যে চাকরি খোঁজার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মভিসা, যেমন অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা (AEWV) পাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন।

নতুন ভিসার জন্য আবেদনকারীকে নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামোর (NZQCF) লেভেল ৫ থেকে ৭ পর্যায়ের নন-ডিগ্রি কোর্স সম্পন্ন করতে হবে। কোর্সটি নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে পড়তে হবে। তবে ইংরেজি ভাষা, ফাউন্ডেশন ও ব্রিজিং কোর্স এবং মাইক্রো-ক্রেডেনশিয়াল এ ভিসার যোগ্যতার আওতায় পড়বে না। এ ছাড়া আবেদনকারীর নিজের থাকা-খাওয়ার খরচ চালানোর জন্য অন্তত ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। স্বাস্থ্য ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। সাধারণ আবেদনকারীদের শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। তবে পিএইচডি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ সময়সীমা ছয় মাস। একই সঙ্গে আবেদনকারীর আগে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা বা শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পাওয়ার ইতিহাস রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হবে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, নতুন অনলাইন ব্যবস্থাটি ১৬ নভেম্বর চালুর পরিকল্পনা থাকলেও মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে ২৩ নভেম্বর চালু করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট দুই ধরনের ভিসার আবেদন নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়মগুলো নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এসব সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। কোন শিক্ষাগত যোগ্যতা ও কোর্সের ভিত্তিতে কোন ভিসার আবেদন করা যাবে, তা আগে যাচাই করা জরুরি। তাই উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করার সময় বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের পাশাপাশি পড়াশোনা শেষে কাজের ভিসার যোগ্যতার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।