কানাডার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি, আবেদন প্রক্রিয়া জানুন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কানাডার অন্যতম বৃহৎ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি কুইবেকের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ফরাসি ভাষাভিত্তিক এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ স্কলারশিপ আংশিক অর্থায়নে দেওয়া হবে। শিক্ষার স্তর ও প্রোগ্রাম অনুযায়ী বৃত্তির পরিমাণ ভিন্ন। বিস্তারিত হলো—

স্নাতক পর্যায়

  • লেভেল এ: বছরে ১৪ হাজার ৪৩৬ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

  • লেভেল বি: বছরে ৬ হাজার ৮৭৯ দশমিক ৬০ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

স্নাতকোত্তর পর্যায়

  • গবেষণাবহির্ভূত প্রোগ্রাম: বছরে ১১ হাজার ৩৩৪ দশমিক ৬০ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

  • গবেষণাভিত্তিক প্রোগ্রাম: বছরে ১৫ হাজার ৯০৬ দশমিক ৫ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।

পিএইচডি পর্যায়

এ পর্যায়ে বছরে ২৪ হাজার ৬৭ দশমিক ৮০ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ বরাদ্দ থাকবে।

আবেদনের যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এ বৃত্তির জন্য আবেদনকারীকে—

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে ফ্রান্সের নাগরিক এবং ফরাসিভাষী বেলজিয়ামের শিক্ষার্থীরা এ সুবিধার আওতাভুক্ত নন।

  • মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের কোনো যোগ্য প্রোগ্রামে ভর্তির সুযোগ পেতে হবে।

  • পুরো শিক্ষাকালজুড়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকতে হবে।

  • পুরো শিক্ষাকালজুড়ে বৈধ কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট (CAQ) ও স্টাডি পারমিট থাকতে হবে।

  • অন্য কোনো টিউশন ফি ছাড়ের সুবিধা গ্রহণ করা যাবে না।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের পছন্দের প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তির আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন করবে। এ বৃত্তির জন্য আলাদা আবেদন করতে হবে না।

ভর্তির প্রস্তাব গ্রহণের কিছুদিন পর ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীকে বৃত্তির যোগ্যতা ও প্রাপ্য অর্থের পরিমাণ জানানো হবে।

আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন।