প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে। এটি প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
এ জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রপ্তানির সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। এ খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দ্রুত বাণিজ্যিক, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকারী ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এ আয়োজনের সঙ্গে যুক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।



