হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ তাঁর নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত অপরাধীদের শ্রেণিতে পড়েন। চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও কয়েকজন সন্ত্রাসী ভারতে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ লুটপাট ও মানুষ হত্যার অভিযোগ রয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে বলে দাবি করেন তিনি। পালিয়ে যাওয়া এসব ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।

তিনি বলেন, বাংলাদেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে। এ ছাড়া তাঁর ফেরার অন্য কোনো পথ নেই।