জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ স্থগিত, ফের ধাক্কা আদালতে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ কার্যকরে আবারও বাধা দিয়েছেন আদালত। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত গত বুধবার (২৫ নভেম্বর) আদেশটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে আমেরিকায় জন্ম নেওয়া কিছু শিশুর নাগরিকত্ব সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ আপাতত কার্যকর হচ্ছে না।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আদালতের বাধার মুখে পড়ল ট্রাম্পের এ উদ্যোগ। গত আগস্টে জারি করা নির্বাহী আদেশে আমেরিকায় জন্ম নেওয়া কিছু শিশুর জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার পাশাপাশি তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

আমেরিকার জেলা বিচারক ক্রিস্টোফার কুপার ৬৭ পৃষ্ঠার পর্যবেক্ষণে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। তিনি বলেন, দেশটির সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, আমেরিকার ভূখণ্ডে জন্ম নেওয়া এবং দেশটির আইনের আওতাধীন শিশুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট নতুন করে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যতিক্রম তৈরি করতে পারেন না।

বিচারক আরও বলেন, আমেরিকার সংবিধানের নাগরিকত্ববিষয়ক ধারা দেশটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুর নাগরিকত্বের নিশ্চয়তা দেয়। সংবিধান ও কেন্দ্রীয় আইন মেনে সরকারি সংস্থাগুলোর কাজ করাই জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

গত সেপ্টেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) কয়েকটি অভিবাসী অধিকার সংগঠন ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করে। শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার রক্ষায় করা এ মামলার পরিপ্রেক্ষিতেই ওয়াশিংটনের আদালত নতুন নিষেধাজ্ঞা জারি করেন।

এর আগে গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের ফেডারেল জেলা বিচারক ডেবোরা বোর্ডম্যানও আদেশটি কার্যকরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে ট্রাম্পের নতুন প্রচেষ্টার বাস্তবায়নও প্রাথমিকভাবে বন্ধ করা প্রয়োজন। ফলে একই নির্বাহী আদেশ কার্যকরের ক্ষেত্রে এখন দুটি ফেডারেল আদালতের বাধা রয়েছে।

এর আগে গত জুনে আমেরিকার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রথম নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় দেন। আদালতের ওই সিদ্ধান্তের পর গত ৬ আগস্ট নতুন নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে নতুন আদেশটিও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে।

সর্বশেষ রায়ের ফলে সংশ্লিষ্ট মামলার আওতাভুক্ত শিশুদের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন আদেশ কার্যকর করতে পারবে না।