পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে চকবাজারের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ভবনের ওই গুদামে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখা হতো।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।



