তেলাপিয়া-পাঙ্গাসও ২০০ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো তুলনামূলক কম দামের মাছও কেজিপ্রতি ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকা। দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও বেশি। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজার ঘুরে মাছ, মুরগি, গরুর মাংস ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকায়। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৫০০ টাকা।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকার পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। তাঁর ভাষ্য, দাম বাড়লে বিক্রেতাদেরও বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং ১ হাজার টাকায়। সাগরের পাঙ্গাসের দাম কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।

বাজারে মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ কিনেছেন। পাঙ্গাস কিনেছেন ২৭০ টাকা কেজি দরে। ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কিছুটা কম।

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩৩০ টাকা কেজি।

অন্যদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়েরবাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

মাংস বিক্রেতা মো. লিটন বলেন, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।