সুইজারল্যান্ডে মাস্টার্সে বৃত্তি, আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। ‘এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ ফেলোশিপের আওতায় অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স, ফিজিকস ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গবেষণাপ্রতিষ্ঠান।

ফেলোশিপের সুযোগ-সুবিধা

এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ১০ হাজার থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে এ ফেলোশিপের মেয়াদ এক বছর। তবে প্রথম বছরের একাডেমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারলে দ্বিতীয় বছরের জন্যও ফেলোশিপের মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • নতুন আবেদনকারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি।
  • সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি)।
  • একাডেমিক সনদ ও নম্বরপত্র।
  • মোটিভেশন লেটার।
  • দুজন অধ্যাপকের রেফারেন্স লেটার।
  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র। এ ক্ষেত্রে জিআরই, আইইএলটিএস অথবা টোয়েফল স্কোর জমা দেওয়া যাবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে।

আবেদন ও ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে জেনেভা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

বিশ্ববিদ্যালয় পরিচিতি

১৫৫৯ সালে জন ক্যালভিন জেনেভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি সুইজারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং দেশটির অন্যতম বৃহৎ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে আইন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।