ফ্যামিলি কার্ডে ভাতা পাচ্ছে ৭৪ হাজার পরিবার, তথ্য সংগ্রহ ৫৯ লাখের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতা পাচ্ছে। পরীক্ষামূলক পর্যায় শেষে পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশজুড়ে পরিবারের তথ্য সংগ্রহ চলছে। গত ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে অগ্রাধিকার দেওয়া এবং অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। এর আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পদ্ধতি প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়। পরে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে।

২০২৬-২৭ অর্থবছরে দেশব্যাপী মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে সব পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য সরবরাহ করা হয়েছে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব।

ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) এজেন্টের মাধ্যমে এসব অর্থ উত্তোলন ও লেনদেন করা যাবে।

এ কর্মসূচির সাথে সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড তৈরি ও ব্যাংকিং সেবা দেওয়া হবে। এ ছাড়া ভাতার অর্থ লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের কাজ চলছে।

উপকারভোগীদের সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা এবং যন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্মএলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত, যাচাই-বাছাই ও গণশুনানির ব্যবস্থাও রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন এবং সেবা প্রদানে অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বচ্ছতার সাথে বাস্তবায়নের কথা বলা হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে যাঁরা প্রকৃতপক্ষে কার্ড পাওয়ার যোগ্য, তাঁদের হাতে যেন কার্ড পৌঁছায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।