ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হুথিদের ১২১ যোদ্ধা হতাহত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথি বাহিনীর অন্তত ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এ ছাড়া ৮১টি সামরিক যান ও যুদ্ধসরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।

তিনি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে।

আল-নুজাইলির দাবি, এসব অভিযানে হুথি যোদ্ধা ও কমান্ডারদের হতাহত করার পাশাপাশি তাদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন যুদ্ধসরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন রণাঙ্গনে লড়াই চলছে। সরকারি বাহিনী হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিবৃদ্ধিকারী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব অভিযান চালানো হয়েছে। সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। তবে এ ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আরব নিউজ, আলজাজিরা।