রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী ও কাফরুল থানা এলাকায় পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত ১০টা ২৩ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



