বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ৪০২। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শনিবার ঢাকার বায়ুমান সূচক ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
শনিবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ৪০২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। শহরটির বায়ুমান সূচক ৩০৪। ২৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, সূচক ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।



