বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি
ডেল্টা খেলা
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন অংশ নেয়নি, সেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (১১ মে) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি— সে বিষয়ে সার্বিক পর্যালোচনা করে সুপারিশ দিতে হবে কমিটিকে।
তবে কমিটিতে বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে অন্তর্ভুক্ত করায় ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। কারণ, বিষয়টি সংবেদনশীল হওয়ায় স্বার্থসংঘাতের প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন অনেকে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ অংশ না নেওয়ার বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সে সময় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনিরাপদ বলে মন্তব্য করেন।
এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই দাবি না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।



