লিটন-তাইজুলের লড়াইয়ে স্বস্তির নিশ্বাস, চা বিরতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও শেষ বিকেলে লিটন দাস ও তাইজুল ইসলামের দৃঢ়তায় কিছুটা স্বস্তি নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছেন এই দুই ব্যাটার।

চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান।

লাঞ্চের পরপরই ধাক্কা খায় বাংলাদেশ। ২৯ রান করে পাকিস্তানি পেসার মুহাম্মদ আব্বাসের বলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ২৩ রান করে খুররম শাহজাদের শিকার হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এর কিছুক্ষণ পরই মাত্র ৪ রান করে বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরে যান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। লাঞ্চের পর মাত্র ১৫ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।

তবে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। পাকিস্তানের পেস ও স্পিন আক্রমণ সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন এই উইকেটকিপার ব্যাটার।

অন্য প্রান্তে তাইজুল ইসলাম-কে নিয়ে সপ্তম উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটিতে লিটনের ব্যাট থেকেই এসেছে ৩৯ রান।

চা বিরতিতে লিটন ৪২ রানে অপরাজিত ছিলেন। আর তাইজুল ১১ রান করে উইকেটে থেকে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।