ইতিহাস গড়লেন বিরাট কোহলি
খেলা ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০-এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করা আইপিএলের প্রথম ব্যাটসম্যান এখন তিনি।
ধর্মশালায় আইপিএলের ৬১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস–এর ম্যাচে এই মাইলফলকে পৌঁছান কোহলি। ম্যাচ শুরুর আগে এই কীর্তির জন্য তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে তিনি এই ঐতিহাসিক অর্জন স্পর্শ করেন। এর মাধ্যমে তিনি আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের নাম লিখিয়ে নেন।
এর আগে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নার ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০-এর বেশি রান করলেও তারা একাধিক দলের হয়ে খেলায় এই রেকর্ডে কোহলির অবস্থান আলাদা।
ম্যাচে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাঞ্জাব দলে দুটি পরিবর্তন আনা হয়—হরপ্রীত ব্রার ও লকি ফার্গুসন একাদশে সুযোগ পান।
অন্যদিকে রজত পাতিদারের অনুপস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দেন জিতেশ শর্মা। দলে সুয়াশ শর্মা ও রোমারিও শেফার্ডকে অন্তর্ভুক্ত করা হয়।



