দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

যেভাবে হারিয়ে গিয়েছিল ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কোটি ভক্তের আবেগ ও গৌরবের প্রতীক। আর সেই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেন বিশ্বের প্রতিটি ফুটবলার। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান ট্রফি দুইবার চুরির শিকার হয়েছিল।

তখন অবশ্য বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি চালু হয়নি। ব্যবহৃত হতো বিখ্যাত ‘জুলে রিমে কাপ’। সেই ট্রফিকে ঘিরেই ঘটেছিল দুই আলোচিত চুরির ঘটনা।

১৯৬৬: ইংল্যান্ডে প্রদর্শনী থেকে উধাও ট্রফি

প্রথমবার জুলে রিমে ট্রফি চুরি হয় ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের সময়। সাধারণ মানুষের দেখার জন্য একটি প্রদর্শনীতে কাচের বাক্সে ট্রফিটি রাখা হয়েছিল। কঠোর নিরাপত্তা থাকার কথা থাকলেও দায়িত্বে অবহেলার সুযোগে ট্রফিটি হঠাৎ উধাও হয়ে যায়।

ঘটনার পর স্কটল্যান্ড ইয়ার্ডে ফোন করে চোরেরা মুক্তিপণ দাবি করে। তদন্তে নেমে পুলিশ এডওয়ার্ড বেটলি নামে এক সাবেক সেনাসদস্যকে গ্রেফতার করলেও তার কাছ থেকে ট্রফি উদ্ধার করা সম্ভব হয়নি।

অবশেষে ঘটনার নাটকীয় সমাপ্তি ঘটে ‘পিকেলস’ নামের একটি কুকুরের মাধ্যমে। দক্ষিণ লন্ডনের এক ঝোপে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে পায় সে। পরে কুকুরটির মালিক ডেভিড করবেটকে পুরস্কৃত করা হয়। সেই উদ্ধার হওয়া ট্রফি নিয়েই বিশ্বকাপ জয়ের উৎসব করেছিল ইংল্যান্ড।

১৯৮৩: ব্রাজিল থেকে চিরতরে হারিয়ে যায় ট্রফি

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো দেশ তিনবার জুলে রিমে কাপ জিতলে ট্রফিটির স্থায়ী মালিকানা পেত। ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতে সেই গৌরব অর্জন করে ব্রাজিল।

রিও ডি জেনেইরোতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কার্যালয়ে ট্রফিটি সংরক্ষণ করা হয়েছিল। বুলেটপ্রুফ কাচে রাখা হলেও চারপাশের কাঠের কাঠামো ছিল নিরাপত্তার দুর্বল জায়গা।

১৯৮৩ সালে সেই কাঠ ভেঙেই ট্রফিটি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তে জানা যায়, সের্জিও পেরাল্তা নামে এক ব্যাংকার এই চুরির পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে এক সাবেক পুলিশ কর্মকর্তা ও এক ডেকরেটরও জড়িত ছিলেন।

পরে অভিযুক্তদের গ্রেফতার করা হলেও ট্রফিটি আর কখনও উদ্ধার করা যায়নি। তদন্তে উঠে আসে, হুয়ান কার্লোস হার্নান্ডেজ নামে এক স্বর্ণকার ট্রফিটি গলিয়ে সোনা আলাদা করে ফেলেছিলেন। ফলে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান ঐতিহ্য চিরতরে হারিয়ে যায়।