বিটিভিসহ তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ
খেলা ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
অবশেষে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (Bangladesh Television)-এর পাশাপাশি দেশের দুই বেসরকারি চ্যানেল ‘সময় টিভি’ ও ‘টি স্পোর্টস’-এ সরাসরি সম্প্রচার করা হবে আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ।
চ্যানেল সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব নিশ্চিত হওয়ার পর তিনটি টেলিভিশনেই এবারের ফুটবল বিশ্বকাপ দেখানো হবে। টি স্পোর্টসের হেড অব মার্কেটিং আহমেদ রাকিব বলেন, “আমরা বিটিভির কাছ থেকে স্বত্ব নিশ্চিতকরণের চিঠি পেয়েছি। আমরা বিশ্বকাপ খেলা দেখাবো।” একইভাবে সময় টিভিও সম্প্রচারস্বত্ব পাওয়ার আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বলে জানা গেছে।
শুরুতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনলেও উচ্চ ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ২০০ কোটি টাকার বাণিজ্যিক চাপে বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে পরবর্তী সময়ে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে স্বত্বমূল্য অনেকটা কমে আসে। জানা গেছে, চূড়ান্তভাবে সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার সমান।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকছে। মোবাইল ও স্মার্ট ডিভাইসে ‘টফি’ এবং ‘বায়োস্কোপ’ অ্যাপে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে ১০৪ ম্যাচের এই আসরে, যা শেষ হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জমকালো ফাইনালের মাধ্যমে।



