শ্রীলঙ্কার ফ্রি ভিসা সুবিধা পেল প্রতিবেশীরা, বাদ বাংলাদেশ
ভারত, নেপাল ও পাকিস্তান থাকলেও নেই বাংলাদেশের নাম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
বিদেশি পর্যটক আকর্ষণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটি ৪০ দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের পর্যটন ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে বিস্ময়করভাবে এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের, যদিও বর্তমানে শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ পর্যটক বাজার বাংলাদেশ।
শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ভ্রমণ করেছেন ৫৯ হাজার ৫৬৩ জন বাংলাদেশি পর্যটক। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৫৫৫ এবং ২০২৩ সালে ১৭ হাজার ৮৪৬। চলতি বছরের ৪ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা সফর করেছেন ১৯ হাজার ৬৫৩ জন পর্যটক।
পরিসংখ্যান বলছে, মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় পর্যটক প্রবাহ কয়েক গুণ বেড়েছে। ২০২৫ সালে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি পর্যটক পাঠানো শীর্ষ ২০ দেশের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, ভিসা ফি মওকুফ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর বাইরে রয়েছে শুধু বাংলাদেশ।
বর্তমানে শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিতে হয়। সাধারণত এর ফি ৫০ মার্কিন ডলার হলেও সার্কভুক্ত দেশ হিসেবে বাংলাদেশিদের জন্য ফি নির্ধারিত রয়েছে ২০ ডলার, এর সঙ্গে প্রযোজ্য কর যুক্ত হয়।
পর্যটন খাতের সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের পর্যটকদের সংখ্যা যখন ধারাবাহিকভাবে বাড়ছে, তখন এমন সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে।
গত ২৫ মে থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালার আওতায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, নেপাল, জাপান, মালয়েশিয়াসহ ৪০ দেশের নাগরিকেরা ৩০ দিনের জন্য বিনা মূল্যে পর্যটন ভিসা পাচ্ছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল ও পাকিস্তান এই সুবিধার আওতায় এলেও বাংলাদেশকে রাখা হয়নি।
নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর কূটনৈতিক, সরকারি, সার্ভিস ও সাধারণ পাসপোর্টধারীরা বিনা মূল্যের ইটিএ সুবিধা পাবেন। তবে ভ্রমণের আগে সবার জন্য ইটিএ গ্রহণ বাধ্যতামূলক থাকবে।
একই সুবিধা পাচ্ছেন মালদ্বীপ, সেশেলস ও সিঙ্গাপুরের নাগরিকেরাও। এর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকেরা ৯০ দিনের ভিসা সুবিধা ভোগ করবেন।
নতুন ব্যবস্থায় পর্যটকেরা ৩০ দিনের জন্য বিনা মূল্যে শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন এবং দ্বৈত প্রবেশ (ডাবল এন্ট্রি) সুবিধাও পাবেন। তবে দ্বিতীয়বার প্রবেশের ক্ষেত্রে নতুন করে ৩০ দিনের মেয়াদ গণনা হবে না; প্রথম ভিসার অবশিষ্ট সময়ই কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করতে চাইলে অতিরিক্ত ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপটারের মহাসচিব ও জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, “গত এপ্রিলেই পর্যটক আকর্ষণে ঢাকায় রোড শো করেছে শ্রীলঙ্কা। কিন্তু তাদের সাম্প্রতিক এই উদ্যোগে বাংলাদেশের ক্ষেত্রে তার কোনো প্রতিফলন দেখা গেল না। নেপাল ও পাকিস্তানের মতো দেশ ভিসা ফি মওকুফ সুবিধা পেলেও অন্যতম শীর্ষ পর্যটক বাজার হওয়া সত্ত্বেও বাংলাদেশ সেই সুবিধার বাইরে রয়ে গেছে।”
তিনি বলেন, “বিষয়টি শুধু পর্যটন নয়, বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। এ নিয়ে ট্যুর অপারেটরদের আরও সক্রিয় হওয়া উচিত। পাশাপাশি সরকারিভাবেও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।”
পর্যটন খাত–সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাগামী পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সে বিবেচনায় ভিসা ফি মওকুফ সুবিধার বাইরে থাকাটা দেশের পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপ্রেমীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন শ্রীলঙ্কার শীর্ষ পর্যটক বাজারগুলোর প্রায় সবাই এ সুবিধা পাচ্ছে, তখন বাংলাদেশের অনুপস্থিতি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো



