থাইল্যান্ডে বিদেশি পর্যটক কমছে, সবচেয়ে বেশি পতন মধ্যপ্রাচ্যে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে থাইল্যান্ডের পর্যটন খাতে।  চলতি বছরের প্রথম পাঁচ মাসে মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পর্যটকের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।

সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে প্রায় দেড় লাখ পর্যটক থাইল্যান্ডে ভ্রমণ করেছেন।  তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যটন প্রবাহ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে।

থাইল্যান্ডের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-পঞ্চমাংশ আসে পর্যটন খাত থেকে।  ফলে এই খাতে যে কোনো নেতিবাচক পরিবর্তন সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলে।

ব্যাংককের পর্যটন ব্যবসায়ীরা জানান, আগে যে ট্রাভেল এজেন্সিগুলো প্রতিদিন ১০টির বেশি ট্যুর গ্রুপ সামলাত, এখন তারা মাসে ১০টি গ্রুপ পেতেই হিমশিম খাচ্ছে।  পরিস্থিতির উন্নতি না হলে দোকান ভাড়া টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পর্যটকরা সাধারণত বড় পরিবার নিয়ে ভ্রমণ করেন এবং তুলনামূলকভাবে বেশি খরচ করেন।  এক গবেষণায় দেখা গেছে, একজন মধ্যপ্রাচ্যের পর্যটক গড়ে প্রতি সফরে প্রায় ২ হাজার ৭০০ মার্কিন ডলার ব্যয় করেন, যা সাধারণ পর্যটকের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।  তাই তাদের সংখ্যা কমে যাওয়া অর্থনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি করছে।

সব মিলিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে থাইল্যান্ডে মোট বিদেশি পর্যটক আগমনও ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখে।  তবে মধ্যপ্রাচ্যের বাজারে পতন সবচেয়ে বেশি।

এরই মধ্যে চীনা পর্যটক সংকট, নিরাপত্তা উদ্বেগ এবং ভারতীয় পর্যটকের সংখ্যা হ্রাস—সব মিলিয়ে থাইল্যান্ডের পর্যটন খাত একাধিক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।